ঢাকায় ঝুম বৃষ্টি, কেমন থাকবে বাকি দিন


রাজধানী ঢাকায় আজ সকাল থেকেই শুরু হয়েছে ঝুম বৃষ্টি। সকাল সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখার সময়ও বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, প্রকৃতি থেকে এখন মৌসুমি বায়ুর চলে যাওয়ার সময়। এ অবস্থায় আবহাওয়া কিছুটা বিশৃঙ্খল। স্থানীয়ভাবে তৈরি হওয়া এমন মেঘে তাই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। রাজধানীতেও তেমনটাই ঘটেছে। আজ শুক্রবার দেশের তিন বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির বলেন, আজ সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি চট্টগ্রাম ও বরিশালেও বৃষ্টি বেশি হতে পারে। আর ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবিরের ভাষ্য, এ সময় মৌসুমি বায়ু চলে যাওয়ার অপেক্ষায় থাকে। বায়ুর গতিপ্রকৃতি একটু এলোমেলো অবস্থায় থাকে। এতে মেঘ জমে অনেক সময় বৃষ্টি হয়। রাজধানীতে সকাল থেকে তেমনটাই ঘটেছে। দিনের বাকি সময়টায় রাজধানীতে কখনো মেঘ, কখনো বৃষ্টি এবং কিছুটা রোদের মুখও দেখা যেতে পারে। তবে আজ বৃষ্টিহীন থাকতে পারে রাজশাহী ও রংপুর বিভাগ।



