কালীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পৌর পরিদর্শক নিহত


নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলযোগে শহরের দিক থেকে যাওয়ার সময় কুষ্টিয়াগামী রুপসা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে আব্দুস সামাদ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় আরও একজন আহত হন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আব্দুস সামাদকে মৃত অবস্থায় দেখতে পান। আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।



