জাতীয়
পদত্যাগপত্র হাতে সংসদে এমপি মিষ্টি


বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগপত্র জমা দিতে জাতীয় সংসদে গেছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ১টার পর তিনি সংসদ ভবনে প্রবেশ করেন। তাকে পদত্যাগপত্র হাতে গাড়ি থেকে নামতে দেখা যায়। স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি।
এর আগে বিএনপির সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্যকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্র জানায়, ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদের পাশাপাশি বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং একই সঙ্গে দল থেকেও পদত্যাগ করবেন।



