জাতীয়

প্রধানমন্ত্রীকে দেখতে পরশুরামে নেতাকর্মী-জনসাধারণের ঢল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। তাকে স্বাগত জানাতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ সেখানে উপস্থিত হন।

সোনারগাঁ অতিক্রম করলেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের অভিবাদন

ঘাটঘর এলাকায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে এবং নির্ধারিত এলাকায় অবস্থান নেন অনেকে। প্রিয় নেতাকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকেও মানুষ এসেছেন বলে জানান স্থানীয়রা।

পরশুরামের মির্জানগরের বাসিন্দা আবদুর শুকুর বলেন, জীবনে প্রথমবার প্রধানমন্ত্রীকে সরাসরি দেখার সুযোগ হবে আজ। তাকে একনজর দেখতে সকাল থেকেই এখানে অপেক্ষা করছি।

কোলাপাড়ার বাসিন্দা শাকিল বলেন, প্রধানমন্ত্রী আমাদের এলাকায় আসছেন— এটি আমাদের জন্য আনন্দের বিষয়। তাকে স্বাগত জানাতে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন।

আকাশ নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে এসেছি। এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তিনি তুলে ধরবেন এমন প্রত্যাশা করছি।

ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় প্রধানমন্ত্রী ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও জনসভায় বক্তব্য দেবেন।

পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজে যাবেন। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এছাড়া ফুলগাজীতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ