ঝিনাইদহ

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ আটক ৩

জেলার সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি তুহিন রেজাসহ তিন নেতা-কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের বিরুদ্ধে নাশকতা ও সরকার বিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন তৎপরতার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকার একটি পেট্রল পাম্প থেকে ওই ৩ জনকে আটক করা হয়।

আটকরা হলেন-নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি তুহিন রেজা (৩৩), ঢাকা মহানগর শ্রমিক লীগ নেতা সোহাগ (৩৭) ও ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন (৩২)।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শরিফুল ইসলাম জানান, নাশকতা ও সরকার বিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা গোপন মিটিংয়ে অংশ নিয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে বিষয়খালী বাজার পেরিয়ে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশে একটি পেট্রল পাম্প থেকে তিনজনকে আটক করা হয়। আটকদের মধ্যে একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি। আরেকজন ঢাকা মহানগর শ্রমিক লীগের নেতা। আটক অপর জন ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শরিফুল ইসলাম বলেন, আটক তিনজনকে জেলা ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নাশকতা ও সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর আটকদের আদালতে সোপর্দ করা হবে।

এই বিভাগের আরও সংবাদ