২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেফতার


খুলনা প্রতিনিধি : খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) দীর্ঘ ২৭ বছর পর গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। ২৭ সেপ্টম্বর রবিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে উক্ত তথ্য গণমাধ্যম কর্মীদের জানান এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু। জয়নাল বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।
এসআরবি সূত্র জানায়, ১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় জয়নালের বিরুদ্ধে হত্যা মামলা হয়। দীর্ঘ বিচার শেষে আদালত হত্যার দায়ে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই রায়ে মরদেহ গুমের অপরাধে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায়ের পর থেকেই পলাতক ছিলেন জয়নাল। পরিচয় পরিবর্তন করে দীর্ঘদিন আত্মগোপনে থাকার একপর্যায়ে তিনি ভারত ও কুয়েতে অবস্থান করেন। সম্প্রতি গোপনে দেশে ফেরার তথ্য পেয়ে এসআরবি তার ওপর নজরদারি শুরু করে। পরে প্রযুক্তির সহায়তায় খুলনায় অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর জয়নালকে পরবর্তী আইনি প্রক্রিয়া ও সাজা পরোয়ানা বাস্তবায়নের জন্য সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



