খুলনায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, গুলিসহ গ্রেফতার ২


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি রিভলবার, রিভলবারের একটি কার্তুজ, পিস্তলের ১৬টি কার্তুজ ও শর্টগানের ২৪টি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ৪টার দিকে খুলনা সদর থানাধীন টুটপাড়া সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে সালাউদ্দিন আহমেদ (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সিগঞ্জের লৌহজং থানার গাওদিয়া এলাকার মৃত সৈয়দ চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ টুটপাড়া সার্কুলার রোড এলাকার সাব্বিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার সালাউদ্দিন আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৬টা ৪৫ মিনিটে লবণচরা থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের মধ্য হরিণটানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার আবিদ হাসান রানা (৪১)-এর বাসার শয়নকক্ষের বিছানার নিচ থেকে একটি রিভলবার, একটি রিভলবারের কার্তুজ, পিস্তলের ১৬টি কার্তুজ এবং শর্টগানের ২৪টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আবিদ হাসান রানা মধ্য হরিণটানা এলাকার মৃত ওলিয়ার রহমানের ছেলে।
এ ঘটনায় কেএমপির লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।



