খুলনা

সাংবাদিকতায় নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা জরুরি : পিআইবি মহাপরিচালক

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, নীতি-নৈতিকতা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর নবনিযুক্ত মহাপরিচালক, বিশিষ্ট কবি ও প্রথিতযশা সাংবাদিক ফারুক ওয়াসিফ।

বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় খুলনায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ফারুক ওয়াসিফ বলেন, “সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজের দর্পণ এবং পরিবর্তনের মূল হাতিয়ার। বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে ও প্রযুক্তির এই যুগে বস্তুনিষ্ঠ এবং অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ অনেক বেড়েছে।”

তিনি বলেন, অপসাংবাদিকতা রোধ এবং পেশাদারিত্ব ধরে রাখতে সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিশেষ করে ঢাকার বাইরে মফস্বল ও বিভাগীয় পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে পিআইবি পর্যায়ক্রমে আরও আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে।

মতবিনিময় সভায় বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য সোহেল মাহমুদ ও কে এম জিয়াউস সাদাত, ক্লাব সদস্য সোহাগ দেওয়ান, আব্দুল্লাহ আল মামুন রুবেল, ডি এম রেজা সোহাগ ও মো. রাজু হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহা, নির্বাহী সদস্য মো. আনিসউদ্দিন, ক্লাব সদস্য মো. হুমায়ুন কবীর, রামিম চৌধুরী, মো. হেলাল মোল্লা, মো. খায়রুল আলম, মো. হাসানুর রহমান তানজির, নূরুল আমিন নূর ও মো. রাজু আহমেদ, ক্লাবের অস্থায়ী সদস্য ফকির শহিদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক।

এর আগে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভার পর খুলনা প্রেসক্লাবের লাইব্রেরির জন্য পিআইবি কর্তৃক প্রকাশিত ছয়টি বই উপহার দেন ফারুক ওয়াসিফ।

এই বিভাগের আরও সংবাদ