খুলনায় দিনে-দুপুরে বাসার সামনে থেকে মোটরসাইকেল চুরি


খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর সদর থানাধীন পশ্চিম টুটপাড়া মেইন রোড এলাকায় দিনদুপুরে বাসার সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. শাহনেওয়াজ পান্না খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে ব্যবসায়ী মো. শাহনেওয়াজ পান্না তার বাড়ির সামনে একটি ইয়ামাহা এফজেড-ভি২ মোটরসাইকেল রেখে বাসার ভেতরে প্রবেশ করেন। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর খুলনা মেট্রো-ল-১৩-৮৩২৮। বাইকটি ১ লাখ ৫০ হাজার টাকায় বন্ধক রাখা হয়েছিল বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ সময় অজ্ঞাতনামা তিন ব্যক্তি একটি পালসার মোটরসাইকেলে করে ওই বাড়ির সামনে আসে। পরে তাদের একজন পালসার থেকে নেমে বাসার সামনে রাখা ইয়ামাহা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
প্রায় এক ঘণ্টা পর দুপুর ৩টার দিকে বাইরে এসে মোটরসাইকেলটি দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন মালিক। কোথাও সন্ধান না পেয়ে পরে বাড়ির সামনে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়।
সিসিটিভি ফুটেজে তিন ব্যক্তিকে একটি পালসার মোটরসাইকেলে করে এসে ইয়ামাহা মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। ফুটেজে তাদের অবয়বও দেখা গেছে বলে জানা গেছে।



