খুলনা

খুলনায় ডিবি পুলিশের অভিযান; বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

খুলনা ব্যুরো : খুলনায় শীর্ষ সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওরফে ‘চিংড়ি পলাশের’ বাসায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলিসহ রিফাত তালুকদার নামের এক যুবককে আটক করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

যশোর থেকে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী এসে উক্ত বাড়িতে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে খুলনা নগরীর লবণচরা ও সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা শাহিনুর জামে মসজিদ রোডের খালাসীবাড়ি মোড় এলাকায় ডিবি পুলিশের একটি দল এই সফল অভিযান পরিচালনা করে।

কেএমপি ডিবি’র উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকার ও ডিবি ইন্সপেক্টর আজিমের নেতৃত্বে পরিচালিত উক্ত অভিযানে প্রথমে যশোরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার মো. ইদ্রিস তালুকদারের ছেলে রিফাত তালুকদারকে আটক করা হয়।

পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে তল্লাশি চালিয়ে উল্লিখিত বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত এসব অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল এবং কার কাছে সরবরাহের উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখার পাশাপাশি জড়িত অন্য সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন খুলনার খালিশপুরে অবস্থিত ডিবি কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে খুলনা মহানগর পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া উপরোল্লিখিত তথ্য জানান।

এই ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ