খুলনা

খুলনায় আজমুল হত্যা মামলার ৩ আসামী গ্রেপ্তার

খুলনা ব্যুরো :খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যৌথ অভিযানে পিরোজপুর, বরিশাল ও খুলনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলার প্রধান অভিযুক্ত মো. হাসনাত হাবিব রিফাত (৩০) রয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে পিরোজপুরের নেছারাবাদ থানার কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ দল। পরে তাকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়।

এ ছাড়া মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বরিশালের উজিরপুর এলাকায় অভিযান চালিয়ে প্রতাপ সরকার (২৮) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করে কেএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। একই মামলার তদন্তে প্রাপ্ত আসামি তারেক ওরফে রুবেল (৩৫)-কেও গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।

এর আগে আজমুল হত্যার বিচারের দাবিতে খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার এবং এক মাসের মধ্যে মামলার চার্জশিট দেওয়ার আশ্বাস দেয়।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় আজমুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সঙ্গে থাকা কয়েকজন যুবক দাবি করেন, তিনি খুলনা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভবনের চারতলা থেকে লাফিয়ে পড়েছেন। হাসপাতালে নেওয়ার ১০-১৫ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। তবে শরীরে আঘাতের চিহ্ন থাকায় পরিবার ও সহপাঠীরা তাকে পিটিয়ে হত্যার অভিযোগ করেন।

এ ঘটনায় হরিণটানা থানায় হত্যা মামলা হওয়ার পর পুলিশ ও এসআরবি যৌথভাবে অভিযান শুরু করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ