কুষ্টিয়া

কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি: দীর্ঘ আট বছর পর কুষ্টিয়া জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ সাতটি পদে নেতাদের নাম প্রকাশ করা হয়েছে। রবিবার ২০ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্যাডে কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন করেন।

কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত তথ্যে জানা যায়, কুষ্টিয়া জেলা যুবদলের নবাগত কমিটিতে সভাপতি হিসেবে ফুহাদ রেজা ফাহিম ও সাধারণ সম্পাদক হিসেবে জিল্লুর রহমান জনিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মোস্তাফিজুর রহমান সুমনকে সিনিয়র সহ-সভাপতি এবং জাকারিয়া মিলনকে সহ-সভাপতি করা হয়েছে। রাশিদুল ইসলাম রাশেদকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, জব্বার মিলনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোজাক্কির রহমান রাব্বিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘ সময় পর জেলা যুবদলের নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। নতুন কমিটির নেতারা সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে কাজ করবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

তবে ঘোষিত কমিটিটি আংশিক হওয়ায় পূর্ণাঙ্গ কমিটি আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করেছে।

এদিকে কমিটি ঘোষণার পর সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে কর্মীরা জড়ো হয়ে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান। পরে নবাগত সভাপতি ফুহাদ রেজা ফাহিম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি ও সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি’র নেতৃত্বে কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাটারফ্লাই মোড়ে গিয়ে শেষ হয়।

এসময় জেলা যুবদলের নবাগত সভাপতি ফুহাদ রেজা ফাহিম বলেন, দীর্ঘ আট বছর পর কুষ্টিয়া জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করায় আমরা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের চেষ্টা করব ইনশাআল্লাহ।

নবাগত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি বলেন, কুষ্টিয়া জেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও সুসংগঠিত ও সক্রিয় করার লক্ষ্যে আমরা কাজ করতে চাই। আগামী দিনে পুর্নাঙ্গ কমিটিতে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। যারা দীর্ঘদিন রাজপথে থেকে লড়াই সংগ্রাম করেছে তাদেরকে নিয়ে পূর্নাঙ্গ কমিটি করা হবে। দলের নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য। আজকে তাৎক্ষণিক একটি অভিনন্দন মিছিল। এই নবাগত কমিটিতে আরো যারা রয়েছেন তাদের সাথে নিয়ে জেলার সর্বস্তরের নেতাকর্মীদের অংশ গ্রহনে পুনরায় অভিনন্দন মিছিলের আয়োজন করা হবে।

জেলা ছাত্রদলের আহবায়ক থেকে যুবদলের নবাগত সাংগঠনিক পদে মোজাক্কির রহমান রাব্বি স্থান পেয়েছেন, এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেদিকে ফোকাস করবো। তবে আমাদের মূল লক্ষ্য যুবদলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভ্যানগার্ড হিসেবে, একটি শক্তিশালী সংগঠন হিসেবে কুষ্টিয়ার মাটিতে প্রতিষ্ঠিত করা।

এই বিভাগের আরও সংবাদ