খুলনায় যুবককে পিটিয়ে হত্যা


খুলনা ব্যুরো : খুলনা শহরের হরিণটানা এলাকায় মো. আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উক্ত এলকার একটি ভবনের চতুর্থ তলার ছাদে আজমলকে কয়েকজন মারধর করেন বলে স্থানীয়রা জানান।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন আজমলের মৃত্যুর বিষয়টি তরঙ্গ নিউজকে নিশ্চিত করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায় , শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে ১টার দিকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে স্থানীয়রা বাইরে আসেন। তখন ওই ভবনের চতুর্থ তলার ছাদে এক ব্যক্তিকে মারধর করতে দেখা যায়। পরে তাকে নিচে পড়ে থাকতে দেখা যায়। তিনি পানি চাইলে স্থানীয়রা তাকে পানি দেন। পরে তাকে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্সে করে কয়েকজন যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেওয়া কয়েকজন যুবক আহত অবস্থায় আজমলকে নিয়ে আসেন। হাসপাতালে আনার ১০ থেকে ১৫ মিনিট পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজমলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তার মাথার চুলও এক পাশ দিয়ে কাটা ছিল। সঙ্গে থাকা যুবকরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভবনের চতুর্থ তলা থেকে লাফিয়ে পড়ে আজমল আহত হয়েছেন।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন বলেন, ঘটনাটি খুলনা বিশ্ববিদ্যালয়ের এলাকার বাইরে ঘটেছে। খাজা হলের গেটের বাইরে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটি ছাত্রাবাস হিসেবে ভাড়া দেওয়া। সেখানে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়, নর্দান বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থী থাকেন।
পুলিশ জানায়, আজমলের মৃত্যুর প্রকৃত কারণ, তার শরীরে আঘাতের ধরন এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, ঘটনাটি তারা জানতে পেরেছেন। আজমলের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তার পরিবারের সদস্যরা থানায় এসেছেন এবং তাদের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



