খুলনা

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৩

খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর লবণচরা থানাধীন আমতলা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিন রাউন্ড সীসা গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে লবণচরা থানার আমতলা ২য় গলিতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিন রাউন্ড সীসা গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো—মোঃ ডালিম খান (৪০), পিতা মৃত নওয়াব আলী খান, সাং ভাজাওয়ালা; রানা, পিতা আনিস; এবং আব্দুল্লাহ আল নোমান প্রকাশ নয়ন (২৮), পিতা নুরুল হক। রানা ও নয়নের ঠিকানা সোনার বাংলা গলি। তাদের সবার থানা লবণচরা, জেলা খুলনা।

এসআরবি-৬ জানিয়েছে, গ্রেপ্তার মোঃ ডালিম খানের পিসি-পিআর পর্যালোচনা করে লবণচরা থানায় বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মোট সাতটি মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি, খুলনার লবণচরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এসআরবি-৬ জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ