অর্থনীতিশীর্ষ নিউজ

বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’-এর আওতায় ব্যাংকগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেওয়া হবে। এ ঋণের সর্বোচ্চ সুদহার নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ।

এ ছাড়া ঋণগ্রহীতাদের জন্য ছয় মাসের গ্রেস পিরিয়ড রাখা হয়েছে। অর্থাৎ ঋণ বিতরণের পর প্রথম ছয় মাস গ্রাহকের কাছ থেকে সুদ আদায় করা যাবে না। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

সার্কুলার অনুযায়ী, বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালুর জন্য ব্যাংকগুলোকে অর্থায়নের সুযোগ তৈরি করা হবে। এ উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে প্রাক-অর্থায়ন দেবে। এই প্রাক-অর্থায়নের বিপরীতে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংককে ৪ শতাংশ হারে সুদ দিতে হবে। তবে অর্থ পাওয়ার পর প্রথম ছয় মাস ব্যাংকগুলোকে কোনো সুদ পরিশোধ করতে হবে না। গ্রেস পিরিয়ড শেষ হলে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ পরিশোধ করতে হবে। এ সময় প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদও পরিশোধ করতে হবে।

অন্যদিকে, ব্যাংকগুলো এই স্কিমের আওতায় যে ঋণ বিতরণ করবে, তার সুদহার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ঋণগ্রহীতাদের ক্ষেত্রেও প্রথম ছয় মাস সুদ পরিশোধের সুবিধা থাকবে। ছয় মাস শেষ হওয়ার পর সুদ আদায় শুরু হবে এবং প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদও আদায় করা হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, তহবিলের প্রাপ্যতা সাপেক্ষে স্কিমটির মেয়াদকালীন তিন বছরের মধ্যে যেকোনো সময় ব্যাংকগুলো প্রাক-অর্থায়নের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ স্কিমের সুবিধা নিতে আগ্রহী ব্যাংকগুলো নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করার সুযোগ পাবে।

স্কিমের অর্থ নির্ধারিত খাতে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করার দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট ব্যাংকের। পাশাপাশি ঋণের ব্যবহার, আদায় পরিস্থিতি এবং অর্থায়ন করা প্রতিষ্ঠানের কার্যক্রম যথাযথভাবে তদারক করতে হবে ব্যাংকগুলোকে। গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়নের সুদ পরিশোধের হিসাবও নির্ধারিত নিয়মে নিষ্পত্তি করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে। সার্কুলারে উল্লেখ করা নির্দেশনা জারির দিন থেকেই কার্যকর হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ