জাতীয়
ডেঙ্গুতে এক দিনে ৭ জনের মৃত্যু


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৩ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মোট ১৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্টে মারা গেছেন ৪৩ জন। এ ছাড়া সেপ্টেম্বরে গত ১৫ দিনে ৭৪ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৪৩ জন, খুলনায় ৩৪৯ জন, বরিশালে ১৮৬, চট্টগ্রামে ১৭৭ জন, ময়মনসিংহে ৮৩, রংপুরে ৫৩ জন, সিলেট ৯ ও রাজশাহী ১৫৩ জন।



