খুলনার আপস যুব সংগঠন পেল ক্লাইমেট অ্যাওয়ার্ড ২০২৬


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধিতে তরুণদের নেতৃত্বে কাজের স্বীকৃতি হিসেবে ‘যুব-নেতৃত্বাধীন জলবায়ু পুরস্কার ২০২৬ (Youth-led Climate Award 2026)’ অর্জন করেছে খুলনার আপস যুব সংগঠন।
গত মঙ্গলবার রাজধানীর মুক্তিযোদ্ধা জাদুঘরের অডিটোরিয়ামে ভিএসও বাংলাদেশ আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা রেদওয়ানুল রুহান-এর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এবারের পুরস্কারের প্রতিপাদ্য ছিল ‘পরিবর্তনের স্ফুলিঙ্গ জ্বালাও, জলবায়ুর ভবিষ্যতের নেতৃত্ব দাও’।
খুলনা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং তরুণদের জলবায়ু নেতৃত্বে সম্পৃক্ত করতে ধারাবাহিকভাবে কাজ করছে আপস যুব সংগঠন। সংগঠনটির কার্যক্রমের মধ্যে রয়েছে জলবায়ু ক্যাম্প, সচেতনতামূলক কর্মসূচি, জলবায়ু ন্যায়ুবিচার ও ন্যায্য রূপান্তর বিষয়ুক কর্মশালা, বৃক্ষরোপণ, নবায়ুনযোগ্য জ্বালানি বিষয়ে সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণমূলক বিভিন্ন উদ্যোগ।
বিশেষ করে উপকূলীয় অঞ্চলের ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, নদীভাঙন, সুপেয় পানির সংকট ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কাজ করছে সংগঠনটি। এসব উদ্যোগে তরুণদের নেতৃত্বের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হচ্ছে।
পুরস্কার প্রসঙ্গে আপস যুব সংগঠনের প্রতিষ্ঠাতা রেদওয়ুনুল রুহান বলেন, “এই পুরস্কার শুধু একটি সম্মাননা নয়; স্থানীয় পর্যায়ে তরুণদের নেতৃত্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পরিচালিত কার্যক্রমের এটি একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এ স্বীকৃতি আমাদের আরও কার্যকর ও টেকসই উদ্যোগ নিতে উৎসাহিত করবে।”
সংগঠনের পরিচালক নাজমুস সাকিব বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে থেকে অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের জলবায়ু নেতৃত্বে আরও সম্পৃক্ত করার উদ্যোগ অব্যাহত থাকবে।
‘যুব-নেতৃত্বাধীন জলবায়ু পুরস্কার ২০২৬’ অর্জন খুলনা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তরুণদের জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় আরও সক্রিয় হতে উৎসাহিত করবে বলে আশা করছে আপস যুব সংগঠন।



