জাতীয়

নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের জুলং গ্রুপের বৈঠক

বাংলাদেশের জাহাজ নির্মাণ (Shipbuilding) খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের খ্যাতনামা প্রতিষ্ঠান জুলং গ্রুপ (Julong Group)। আজ নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান, এমপি-এর সাথে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে আধুনিক নৌযান নির্মাণ ও মেরিটাইম খাতের উন্নয়ন নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়।বৈঠকে জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং জানান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে এখানে বিভিন্ন ধরণের অত্যাধুনিক নৌযান ও জাহাজ নির্মাণ করতে চায় তাঁর প্রতিষ্ঠান। এই উদ্যোগে উৎপাদিত আন্তর্জাতিক মানের নৌযানগুলো দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করার সুদূরপ্রসারী লক্ষ্য রয়েছে জুলং গ্রুপের।

চীনের এই বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান, এমপি বলেন, “বাংলাদেশ সরকার বিদেশী বিনিয়োগের জন্য অত্যন্ত চমৎকার এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করেছে। জাহাজ নির্মাণ শিল্পে চীনের এই বিনিয়োগের সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী।” প্রতিমন্ত্রী আরও আশ্বাস দেন যে, বাংলাদেশে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ এবং তা বিদেশে রপ্তানির এই উদ্যোগে সরকারের পক্ষ থেকে নীতিগত এবং প্রশাসনিকসহ সব ধরণের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।এই যৌথ উদ্যোগ সফল হলে বাংলাদেশের মেরিটাইম সেক্টরে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বৈঠকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ