পোড়াদহ কলেজে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত


কুষ্টিয়া প্রতিনিধি: মাদক নিয়ন্ত্রণে শিক্ষক ও ছাত্র-ছাত্রী ভূমিকা শীর্ষক মাদক বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে, শিক্ষক ও শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পোড়াদহ কলেছে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
মাদকের হাতে জীবন নয়’ বই-কলম হোক পরিচয় প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলার মিরপুর উপজেলাধীন পোড়াদহ কলেজের মিলনায়তনে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোড়াদহ কলেজের অধ্যক্ষ অন্নদা প্রসাদ মোহন্তা।
এসময় বক্তারা বলেন, মাদক বর্তমানে ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের একটি অংশ অসচেতনতার কারণে মাদকের ঝুঁকিতে পড়ছে। এ অবস্থা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা গড়ে তোলা জরুরি।
বক্তারা আরো বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। শিক্ষার্থীদের আচরণ ও চলাফেরায় কোনো ধরনের অস্বাভাবিকতা পরিলক্ষিত হলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদেরও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হতে হবে এবং সহপাঠীদের মাদক থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।
এদিকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা। এ অনুষ্ঠানে পোড়াদহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



