নওগাঁ

নওগাঁ সরকারি কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে নওগাঁ সরকারি কলেজ ছাত্রদল।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় নওগাঁ জেলা ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে থার্মাল ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা,সদস্য সচিব তাজুল ইসলাম তাজ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান বাদশা, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রেদওয়ানুল ইসলাম রওনক এবং সাধারণ সম্পাদক সজীব হোসেন।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কার করা হয়। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও আশপাশের এলাকায় থার্মাল ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন,ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়ানো জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা ও জনসমাগমস্থলে কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তারা বলেন,কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় জনস্বার্থে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তারা।

এই বিভাগের আরও সংবাদ