ফুটবল

হামজার সঙ্গে বার্সেলোনার ২০৩০ সাল পর্যন্ত চুক্তি

মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিমের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে সম্মত হয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে থাকবেন এই তরুণ ফরোয়ার্ড।

আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় (সিইএসটি) বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবেন হামজা। এরপর ক্লাবের কমার্শিয়াল অফিসে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন তিনি।

২০২৬ সালের ১ ফেব্রুয়ারি ধারে বার্সেলোনায় যোগ দেন হামজা। মৌসুমের শেষ পর্যন্ত ধারে থাকার কথা থাকলেও অল্প সময়ের মধ্যেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। ৮ মার্চ উস্কারের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেন মিশরীয় এই ফরোয়ার্ড।

বার্সেলোনার যুব দলের হয়ে মাত্র ছয়টি লিগ ম্যাচ খেলেই নয় গোল করেন হামজা। এর মধ্যে মন্টেকার্লোর বিপক্ষে ৯-০ গোলের জয়ে করেন হ্যাটট্রিক। ওই জয়ের ম্যাচেই División d’Honor শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা।

তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ২০২৬ সালের গ্রীষ্মে হামজাকে স্থায়ীভাবে দলে নেয় বার্সেলোনা। এরপর কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রথম দলের সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতিতেও অংশ নেন তিনি। সেখানে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা হন এই ফরোয়ার্ড।

এরপর গত ৩১ আগস্ট স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে স্পটিফাই ক্যাম্প ন্যুতে বার্সেলোনার জার্সিতে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হয় হামজার। এবার ২০৩০ সাল পর্যন্ত তার ভবিষ্যৎও নিশ্চিত করল কাতালান ক্লাবটি।

এই বিভাগের আরও সংবাদ