টাঙ্গাইল

টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের নতুন কার্যকরী কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার: ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের ঘাটাইল শাখার (রেজিস্ট্রেশন নং-৫৬১) নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে এই কমিটি অনুমোদন দেওয়া হয় যা আগামী ৩ বছরের জন্য কার্যকর থাকবে।

নবগঠিত এই কার্যকরী কমিটিতে মোঃ আব্দুর রাজ্জাক (খোকা)-কে সভাপতি এবং মোঃ জাহাঙ্গীর হোসেন-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। পেশাজীবী শ্রমিকদের অধিকার আদায়, সার্বিক কল্যাণ ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে ঘোষিত এই ১৯ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ও ১২ সদস্যবিশিষ্ট সাধারণ সদস্য তালিকার সমন্বয়ে পুরো পূর্ণাঙ্গ নেতৃত্ব চূড়ান্ত করা হয়।

ঘোষিত কার্যকরী কমিটিতে অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন—কার্যকরি সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ এনামোল হক, কাজী ফরহাদ হোসেন ও মোঃ শাহজাহান সাজু। সাধারণ সম্পাদকের পাশাপাশি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ তোফাজ্জল হোসেন সেন্টু এবং সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ রুবেল মিয়া, মোঃ শের আলী ও মোঃ শাহজাহান দায়িত্ব পালন করবেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ হেকমত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ ময়নুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সাত্তার মিয়া, ক্রীড়া সম্পাদক মোঃ হাবিব মিয়া এবং নাট্য সম্পাদক পদে মোঃ আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ধর্মীয় সম্পাদক (ইসলাম) পদে মোঃ আনসার আলী এবং ধর্মীয় সম্পাদক (হিন্দু) পদে শ্রী চৈতন্য অন্তর্ভুক্ত হয়েছেন।

একই সাথে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে ১২ জন সদস্য নির্বাচিত করা হয়েছে, তাঁরা হলেন—মোঃ জহুরুল, মোঃ আমিনুর, মোঃ আলমগীর, মোঃ সোমেল, মোঃ লতিফ, মোঃ ইমান আলী, মোঃ খলিল, মোঃ আল-আমিন, মোঃ রেজাউল, মোঃ শামীম মিয়া, মোঃ ফরহাদ ও মোঃ হালিম।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক (খোকা) তাঁর প্রতিক্রিয়ায় নির্মাণ শ্রমিকদের সার্বিক সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতি বিশেষ জোর দেন।

তিনি বলেন, “১৯৬৮ সাল থেকে আমাদের এই ইউনিয়ন টাঙ্গাইল অঞ্চলের শ্রমজীবী মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করে আসছে। নির্মাণ খাত হলো একটি দেশের অবকাঠামোগত উন্নয়নের মূল চালিকাশক্তি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, দিনরাত হাড়ভাঙা খাটুনি খেটেও এই নির্মাণ শ্রমিকরা প্রায়শই সঠিক মূল্যায়ন, সঠিক মজুরি এবং জীবনযাত্রার নিরাপদ পরিবেশ থেকে বঞ্চিত হন। আমাদের নতুন কমিটির মূল লক্ষ্যই হবে শ্রমিকদের এই ঘামঝরা শ্রমের উপযুক্ত পারিশ্রমিক ও সম্মানজনক জীবনযাত্রা নিশ্চিত করা। কর্মক্ষেত্রে দুর্ঘটনাকবলিত শ্রমিকদের জরুরি চিকিৎসা সেবা প্রদান, দুস্থ শ্রমিক পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ গঠনে শিক্ষাবৃত্তি চালুর পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা কোনো শ্রমিকের অধিকার ক্ষুণ্ন হতে দেব না।

ঘাটাইল শাখা ও সমগ্র টাঙ্গাইল জেলার সকল নির্মাণ প্রকৌশল শ্রমিককে ঐক্যবদ্ধ করে আমরা একটি শক্তিশালী ও কল্যাণমুখী সংগঠন গড়ে তুলব।

অন্যদিকে সংগঠনের নবাগত সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং কাজের পরিবেশের নিরাপত্তার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।

তিনি জানান, আধুনিক যুগে নির্মাণশিল্পের কাজের ধরন ও প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে। ফলে আমাদের শ্রমিকদেরও নতুন প্রযুক্তি ও আধুনিক নির্মাণ কৌশলের সাথে খাপ খাইয়ে নিতে হবে। এর জন্য সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে দক্ষতা উন্নয়ন ও নিরাপত্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। একজন শ্রমিক যখন একটি বহুতল ভবন বা ব্রিজের কাজ করেন তখন তাঁর জীবন চরম ঝুঁকির মধ্যে থাকে। কর্মক্ষেত্রে পর্যাপ্ত হেলমেট, সেফটি বেল্ট ও অন্যান্য সুরক্ষাসামগ্রী ব্যবহার নিশ্চিত করা মালিকপক্ষ ও ঠিকাদারদের আইনি ও নৈতিক দায়িত্ব।

সাধারণ সম্পাদক হিসেবে আমি মালিক সমিতি এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত আলোচনার মাধ্যমে শ্রমিকদের স্বাস্থ্য বীমা, কাজের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ এবং ন্যায্য মজুরি পাওয়ার বিষয়টি কঠোরভাবে তদারকি করব। আমাদের এই ৩ বছরের মেয়াদে কোনো শ্রমিক যেন অন্যায় ও অবিচারের শিকার না হন এবং পেশাগত ঝুঁকি কমিয়ে এনে তাঁদের জীবনমান উন্নত করা যায় সে লক্ষ্যেই আমরা একযোগে কাজ করে যাব।

ঘোষিত এই নতুন কমিটি টাঙ্গাইল জেলার নির্মাণ প্রকৌশল শ্রমিকদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে। শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবেন বলে সর্বস্তরের শ্রমিক সাধারণ আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরও সংবাদ