কুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে খেলনা দাবি


কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আব্দুল মাজেদের ছেলে সানজিদ আহমেদের পিস্তল হাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এ ঘটনায় ছড়িয়ে পড়া পিস্তলের ভিডিওটি খেলনা পিস্তল দাবি করে সংবাদ সম্মেলন করেছে যুবদল নেতার ছেলে সানজিদ আহমেদ।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি খেলনা পিস্তল বলে দাবি করেন।
সানজিদ আহমেদ বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে আমি ও আমার বাবা কুষ্টিয়া যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদের নামে অপপ্রচার চালানো হচ্ছে।
যে ভিডিও ছড়ানো হয়েছে, সেটাও প্রায় একবছর আগের। ভিডিওতে যে পিস্তল আমার হাতে দেখা গেছে, সেটা মূলত খেলনা পিস্তল।
সেদিনের বর্ণনা দিয়ে সানজিদ বলেন, ঘটনার দিন দুপুরে আমরা কয়েকজন আমাদের বাড়ির পার্শ্ববর্তী মাঠের মাঝে সড়কে বসে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় একটি শিশু ওই পথে যাচ্ছিল, তার হাতে ছিল খেলনা পিস্তলটি। অনেক সুন্দর দেখে তার হাত থেকে পিস্তলটি নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম। এমন সময় কে বা কারা ভিডিও করে রাখে।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আপনারা জানেন আমার বাবা আব্দুল মাজেদ সদর উপজেলা যুবদলের আহবায়ক। শিগগিরই কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি দেওয়া হতে পারে।
এজন্য আমাদের পরিবার ও আমার বাবাকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। এই ভিডিও ভাইরালও তার অংশ হতে পারে। কিন্তু আমার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র আমাদের পরিবারের অন্য সদস্যদের জীবন বিষিয়ে তুলছে।
আপনাদের কাছে আমার অসহায় আকুতি, আমি যুবদল নেতার সন্তান হয়ে কি অপরাধ করে ফেলেছি। আমার কী সাধারণ জীবনযাপনের অধিকার নেই। আমি কি বন্ধুদের সঙ্গে আড্ডাও দিতে পারব না। বলেন সানজিদ আহমেদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবে নেতৃবৃন্দ, কুষ্টিয়া যুবদলের নেতাকর্মীসহ গণমাধ্যম কর্মীরা।



