কুষ্টিয়া

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় র‍্যালী

কুষ্টিয়া প্রতিনিধিঃ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে সকাল ১০টার দিকে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি কালেক্টরেট চত্বর বের হয়ে জেলা প্রশাসনের কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে আসে।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি এবং সদ্য পদন্নোতি উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা (উপসচিব) মিজানুর রহমান। জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মো: হাসান ইমাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার:) আব্দুল হাই সিদ্দিকী, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শাহরিয়ার নাঈম শাইখ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, স্বাক্ষরতা মানুষের মৌলিক অধিকার। একটি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে ঝরে পড়া শিশু, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও নিরক্ষর প্রাপ্তবয়স্কদের শিক্ষার আওতায় আনতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শুধু অক্ষরজ্ঞান নয়, মানুষের মধ্যে জীবনব্যাপী শিক্ষা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। র‌্যালিতে স্বাক্ষরতা বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ক্যাপ প্রদর্শন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ