মেয়র প্রার্থীর ভাইকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সমালোচনার মুখে ওসি


কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা পৌরসভার মেয়র পদপ্রার্থী সাবেক ছাত্রদলনেতা রবিন রায়হান জমিসের প্রবাসী ভাই নাসির উদ্দিন শেখকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খোকসার ওসি মোল্লা জাকির হোসেন, পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোশারফর হোসেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে একটি হেলিকপ্টারে সিঙ্গাপুর থেকে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
নাসির উদ্দীন শেখ খোকসা উপজেলার খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়ার বাসিন্দা। এছাড়াও তিনি খোকসা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে পৌর মেয়র পদপ্রার্থী রবিন রায়হান জসিমের ছোট ভাই।
এ দিকে একজন প্রবাসী ও মেয়রপ্রার্থীর ভাইকে শুভেচ্ছা জানানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনা শুরু হয়।
স্থানীয়দের ভাষ্য, সিঙ্গাপুর প্রবাসী নাসির উদ্দিন একজন আদম ব্যবসায়ী। স্থানীয় মেয়র প্রার্থীর ভাই। এমন ঘটনা সরকারি চাকুরির নীতিমালা ববহির্ভূত।
জানা গেছে, সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ এলাকায় দ্রুত ও সরাসরি পৌঁছাতে তিনি একটি হেলিকপ্টার ভাড়া করেন। পরে হেলিকপ্টারটি তাকে নিয়ে খোকসার উদ্দেশে রওনা হয়ে দুপুরের দিকে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করে। এ সময় তার সঙ্গে সিঙ্গাপুর প্রবাসী দুই ব্যবসায়ী অংশীদারও সফরসঙ্গী হিসেবে ছিলেন।
হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই বিদ্যালয় মাঠের আশপাশে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। দুপুরের দিকে হেলিকপ্টারটি মাঠে অবতরণ করলে শত শত মানুষ সেটি দেখতে ভিড় করেন। অনেকেই মোবাইল ফোনে হেলিকপ্টার অবতরণের দৃশ্য ভিডিও ধারণ করেন এবং পুলিশসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানায়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, থানার সামনে অবস্থিত খোকসা জানিপুর পাইলট মাঠে হেলিকপ্টারে অবরণ করেন প্রবাসী নাসির শেখ। মাঠে নামার পর ওসি মোল্লা জাকির হোসেন ও তদন্ত ওসি মোশারফ হোসেন তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।
তবে অভিযোগ অস্বীকার করে খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন মুঠোফোনে বলেন, ” এধরনের ব্যক্তিকে আমরা ফুল দিতেও পারিনা। দিইও নাই। যাদের লোক তারায় ফুল দিছে। আমরা নিরাপত্তার জন্য গিছিলাম। তখন ওনারায় তদন্তকে ফুল দিছে। এই বলেই তিনি ফোনটি কেটে দেন।
ওসি কাউকে ফুল দেয়নি। ফুল পড়ে যাচ্ছিল কাঁদার ভিতরে। সেটা উনি ধরাধরি করেছে ” বলে জানিয়েছে মেয়রপ্রার্থী রবিন রায়হান জসিম। তিনি বলেন, বাড়িতে একটি দোয়া অনুষ্ঠান ছিল। সেখানে আমার ভাই ও কয়েকজন বিদেশি এসেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, এ ধরনের ঘটনা ঘটলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। শৃঙ্খলা পরিপন্থী কোন কাজকে সমর্থন করে না জেলা পুলিশ।



