ভোলা

ভোলার মাঠে আখের বাম্পার ফলন, দ্বিগুণ দামে বেচাকেনার ধুম

ইয়ামিন হোসেন : ভোলার উপকূলীয় জেলা জুড়ে চলতি মৌসুমে আখের রেকর্ড পরিমাণ বাম্পার ফলন হয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন যেমন আশাতীত ভালো হয়েছে, তেমনি বাজারে বিগত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ দাম পেয়ে আনন্দে ভাসছেন স্থানীয় কৃষকেরা। খেত থেকে আখ কাটা, সংগ্রহ এবং পাইকারি ও খুচরা বাজারে বিক্রির ধুম পড়েছে জেলা জুড়ে।

​জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ভোলার সাতটি উপজেলায় মোট ৪৬২ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ২৪ হাজার মেট্রিক টন। ইতিমধ্যে প্রায় ৩৫ শতাংশ জমির আখ কাটা শেষ হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব আখ প্রতিদিন ট্রাকে করে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।

​গত বছর মানভেদে ১০০ পিস আখ ১,৫০০ থেকে ২,৫০০ টাকায় বিক্রি হলেও এবার তা বিক্রি হচ্ছে ৩,০০০ থেকে ৩,৫০০ টাকায়। ভোলা সদর উপজেলার ভেদুরিয়া গ্রামের কৃষক মনিরুল ইসলাম জানান, ২৬ শতাংশ জমিতে ৪০ হাজার টাকা খরচে আখ চাষ করে তিনি এবার ৮০ থেকে ৮৫ হাজার টাকার আখ বিক্রির আশা করছেন। একই গ্রামের চাষি মহসিন মাঝি জানান, ব্যাপারীরা সরাসরি খেত থেকেই ভালো দামে আখ কিনে নিয়ে যাচ্ছেন। পরানগঞ্জ বাজারের খুচরা বিক্রেতা মো. নিরব মিয়া বলেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পাশাপাশি কেনাবেচাও জমে উঠেছে।

​কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক জানান, ভোলার মাটি ও আবহাওয়া আখ চাষের জন্য দারুণ উপযোগী এবং কৃষি বিভাগ থেকে চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। ভালো ফলন ও দাম পাওয়ায় আগামীতে আখ চাষে কৃষকদের আগ্রহ আরও বাড়বে বলে তিনি আশা করছেন এবং আগামী এক মাসের মধ্যে জেলার শতভাগ জমির আখ কাটা সম্পন্ন হবে।

এই বিভাগের আরও সংবাদ