কালীগঞ্জে ৩০ মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালো জনহিতৈষী সংস্থা ‘কল্যাণ’


মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে এক মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জনহিতৈষী সংস্থা ‘কল্যাণ’-এর উদ্যোগে উপজেলার বিআইজিবি মাধ্যমিক বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।
স্থানীয় পর্যায়ে শিক্ষার আলো ছড়াতে এবং শিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে প্রশংসনীয় কাজ করে আসছে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি। এরই ধারাবাহিকতায় এ বছর উপজেলার রায়গ্রাম, মালিয়াট ও নিয়ামতপুর ইউনিয়নের ৩০ জন মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীকে বিশেষ বৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, প্রত্যেক ইউনিয়ন থেকে ১০ জন করে বাছাইকৃত মোট ৩০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৩ হাজার টাকা করে আর্থিক বৃত্তি প্রদান করা হবে। ‘কল্যাণ’ প্রতিবছরই নিয়মিতভাবে মাধ্যমিক পর্যায়ের ৩০ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে উচ্চশিক্ষায় উৎসাহিত করতে এ বৃত্তি প্রদান করে আসছে।
শনিবার অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা পরিদর্শন ও খাতা মূল্যায়ন কার্যক্রমে উপস্থিত ছিলেন কল্যাণের সভাপতি শামছুজ্জামান লাভলু এবং সাধারণ সম্পাদক মো. মুছা করিম।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— অধ্যক্ষ বিকাশ রায়, অধ্যক্ষ সোবাহান, বিশিষ্ট সমাজসেবক মঈনউদ্দীন, আলতাফ হোসেন, ইচাহক হক, আশাদুল ইসলাম, ফরিদ উদ্দীন আহম্মেদ, মামুনুর রশীদ লিটন, নাহিদ নেওয়াজ, গোলাম কিবরিয়া, নুরুল ইসলাম শেখ ও আজাদুর রহমানসহ সংশ্লিষ্ট তিন ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকমণ্ডলী।



