পোরশায় ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার


ইসমাইল হোসেন,পোরশা: নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক মূল্য ২০ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার নোচনাহার (কাচারীপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রমজান আলী (৩১) ও মো. ফিরোজ কবির (২৯)। তাঁরা ওই এলাকার মো. আবু তালেব ও মোছা. ফরিদা বেগমের সন্তান। এ ঘটনায় মো. আল আমিন (২৮) নামের আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে। তিনি একই এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পোরশা থানার এসআই মো. শরিফুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় রমজান আলীর কাছ থেকে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এগুলোর ওজন ১০. ৫৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ১১ হাজার ৭০০ টাকা।
অন্যদিকে ফিরোজ কবিরের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ট্যাবলেটের ওজন ৮ . ১ গ্রাম এবং আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।
পুলিশ জানায়, দুইজনের কাছ থেকে মোট ৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এগুলোর মোট ওজন ১৮. ৬৩ গ্রাম।
এ ঘটনায় এসআই মো. শরিফুল ইসলাম বাদী হয়ে ৪ সেপ্টেম্বর পোরশা থানায় মামলা করেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



