খুলনার হোটেল টাইগার গার্ডেনে অগ্নিকাণ্ড


আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : খুলনার হোটেল টাইগার গার্ডেনের পঞ্চম তলার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩০ মিনিটের ( অর্ধ ঘন্টার) চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পঞ্চম তলার দক্ষিণ পাশের একটি কক্ষে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।
খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক( ডিডি) মাসুদ সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তিনি তরঙ্গ নিউজকে বলেন, “রুমের বোর্ডার ছিলেন স্বামী- স্ত্রী। তারা এবং অন্যান্য লোকেরা বিয়ের অনুষ্ঠানে উক্ত হোটেলে ঢাকা থেকে এসেছিলেন ; তাঁরা শনিবার সকালে ফ্রেশ হয়ে বেরোনার প্রস্তুতি নিচ্ছিলেন, এর মধ্যে এসি থেকে ধোঁয়া বের হতে দেখে স্ত্রী, স্বামীকে ডাকাডাকি করেন এবং তারা ও অন্যান্য সকলেই নিরাপদে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন।”
এ ঘটনায় তেমন কোন ক্ষতি হয়নি বলে জানান ডিডি মাসুদ।



