জাতীয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৯৭

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৭ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৪ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৯৮৩ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৭। এই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৯৫৩ শিশু। আর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৫৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৮৪ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৪৪৭ জনের।

এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪০ হাজার ৪৭২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

এই বিভাগের আরও সংবাদ