নাগরিকদের অভিযোগের তাৎক্ষণিক প্রতিফলন: ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশাবিরোধী অভিযান


ঢাকা-১৩ আসনের নাগরিকদের অভিযোগ ও প্রত্যাশার প্রতি তাৎক্ষণিক সাড়া দিয়ে যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চলাচল বন্ধে উদ্যোগ নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।
গত শনিবার অনুষ্ঠিত ঢাকা-১৩ আসনের টাউন হল সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার যানজট ও ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ে অভিযোগ উত্থাপন করেন।
নাগরিকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রতিমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে আজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে ব্যাটারিচালিত অটোরিকশা ও অবৈধভাবে ব্যাটারি চার্জের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ করা হয় এবং অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি চার্জিংয়ের সরঞ্জাম ও বৈদ্যুতিক সংযোগ অপসারণ করা হয়। অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নাগরিকদের অভিযোগের ভিত্তিতে দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, টাউন হল সভা শুধু অভিযোগ শোনার আয়োজন নয়; নাগরিকদের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের একটি কার্যকর প্ল্যাটফর্ম। জনগণ যে সমস্যার কথা বলেছেন, সেটি সমাধানে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি।
ঢাকা-১৩-এর মানুষের স্বাভাবিক ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জনগণের সমস্যা সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে। নাগরিকদের অভিযোগ ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ঢাকা-১৩-কে আরও বসবাসযোগ্য ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি।
প্রতিমন্ত্রীর এমন উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে বলেন, টাউন হল সভায় উত্থাপিত অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা হওয়ায় নাগরিকদের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি যোগাযোগ ও জবাবদিহিতার কার্যকারিতা আরও স্পষ্ট হয়েছে।



