রাজনীতি

উসকানির সুযোগ না দিয়ে দেশবাসী লংমার্চ কর্মসূচি সফল করে তুলবে: মিয়া গোলাম পারওয়ার

আজ ২৫ আগস্ট (মঙ্গলবার) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধসহ ৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। লংমার্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি-সহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ নেতৃত্ব দেবেন।

এ সময় তিনি কর্মসূচির বিস্তারিত তুলে ধরে বলেন, লংমার্চ সফল করতে ইতোমধ্যে বিভিন্ন বাস্তবায়ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে। অভ্যর্থনা, চিকিৎসা, পরিবহন, প্রচার ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, স্বেচ্ছাসেবক, সংস্কৃতি এবং প্রশাসনিক যোগাযোগসহ বিভিন্ন বিভাগীয় দায়িত্ব বণ্টন করা হয়েছে। আমরা দফায় দফায় মিটিং করছি; ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা জনগণের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করছি।

তিনি আরও বলেন, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চে হাজারের বেশি যানবাহন অংশ নিতে পারে এবং ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর এলাকার নেতাকর্মী এবং সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেবেন বলে আমরা আশা করছি।

লংমার্চকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে আমরা ১১ দলীয় ঐক্য গতকাল ২৪ আগস্ট সন্ধ্যায় পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছি। এ সময় সংশ্লিষ্ট রুট, পথসভা ও কর্মসূচির বিভিন্ন স্পট সম্পর্কে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষের চলাচলে যাতে কম বিঘ্ন ঘটে, সে বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কের একটি অংশ দিয়ে লংমার্চের বহর চলাচলের পরিকল্পনা রয়েছে, যাতে অন্য অংশ দিয়ে সাধারণ যানবাহন চলাচল অব্যাহত রাখা যায়। তবে এত বড় কর্মসূচির কারণে কোথাও সাময়িক ভোগান্তি সৃষ্টি হতে পারে। তাই আমরা দেশবাসীর নিকট অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এটি একটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি। কোনো ধরনের উসকানির সুযোগ না দিয়ে দেশবাসী এই লংমার্চ কর্মসূচি সফল করে তুলবে ইনশাআল্লাহ। তাছাড়া আমরা এই কর্মসূচি সফল করতে প্রশাসন, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি।

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ