দেশে এক দিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু


দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। একই সময়ে নতুন করে আরও ৮৩৯ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১১৭, চট্টগ্রাম বিভাগে ১০০, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১, খুলনা বিভাগে ১৬৯, ময়মনসিংহ বিভাগে ৭৯, রাজশাহী বিভাগে ৭১, রংপুর বিভাগে ২৩ ও সিলেট বিভাগে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৮ হাজার ৯২৯ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৭৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৮৯৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৮২ জনের। এরমধ্যে চলতি মাসে ২৮ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।



