মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে তিন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার জেলা শহরের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না খাতুন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান টিপুসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানকালে নিপুণ ডায়াগনস্টিক সেন্টারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডেঙ্গু পরীক্ষা নেওয়া এবং প্রয়োজনীয় ল্যাব টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট না থাকায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মডার্ন ডায়াগনস্টিক সেন্টার শাখা-২-এ এক্স-রে টেকনোলজিস্ট না থাকা, প্রয়োজনীয় সনদ না থাকা এবং লাইসেন্স নবায়ন না করার কারণে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, নূরজাহান হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক ডিপ্লোমা সিস্টার না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রে অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, যেসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না করলে প্রয়োজনে সংশ্লিষ্ট ক্লিনিক বা হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে।

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়ম-নীতি মেনে সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও সংবাদ