যে পথে আপা হেঁটেছিলেন, সেই পথে হাঁটবেন না: জামায়াত আমির


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: বিএনপিকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “যে পথে আপা হেঁটেছিলেন, আপনারাও যদি সেই পথে হাঁটেন, তাহলে সেই পথের পরিণতি আপনাদেরও ভোগ করতে হবে।”
সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ কোনো আধিপত্যবাদ বা বিদেশি খবরদারি মেনে নেবে না। গণভোটের রায় উপেক্ষা করলে তার রাজনৈতিক পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।
জামায়াত আমির বলেন, ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়। জনগণের রায়কে সম্মান করে দেশে সংস্কার, গণতন্ত্র ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণই তার জবাব দেবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের সম্পত্তি নয়; এটি একটি রাজনৈতিক ভাইরাস। এক ফ্যাসিবাদকে বিদায় করে দেশের মানুষ আরেক ফ্যাসিবাদ দেখতে চায় না।
সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও শিবির নেতা সাইফুল্লাহ বারী এবং জামায়াত কর্মী সালাউদ্দিন হত্যার বিচার দাবি করা হয়। একই সঙ্গে দেশের সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
বক্তব্যের শেষদিকে তিনি বলেন, “লড়াই চলছে, লড়াই চলবে। ইনশাআল্লাহ হকের বিজয় হবে, ১৮ কোটি মানুষের বিজয় হবে।”



