কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে বিএনপির মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরের দিকে মিরপুর মহিলা কলেজে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার প্রমূখ।

সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

মতবিনিময় সভায় মিরপুর উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি ইউনিয়ন, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন এবং সঞ্চালনা করেন মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ।

এই বিভাগের আরও সংবাদ