ঢাকা

শ্রীনগরে জীবন সংগ্রামে নৌকায় যাদের বসবাস

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: বিভিন্ন খালে জীবন সংগ্রামে কষ্টে দিন পাড় করতে হচ্ছে বেদেদের। ঝড়-বৃষ্টি ও রোদ উপেক্ষা করে খেয়ে না খেয়ে তাদের জীবন কাটাতে হয় ভাসমান নৌকায়। আধুনিক সভ্যতার এযুগেও মানুষের উন্নত জীবন-যাপনের পাশাপাশি নৌকায় মানবেতর জীবন কাটানোর ব্যতিক্রম চিত্রও লক্ষ্য করা যাচ্ছে। এদের সুখ-দুঃখ, হাসি-কান্না, আবেগ-অনুভূতি সবকিছুই জড়িয়ে থাকে ভাসমান নৌকা ঘিরে।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা গোয়ালীমান্দ্রা-শ্রীনগর-আলমপুর খাল, পদ্মা নদীর তীর ঘেঁষা ভাগ্যকুল, মান্দ্রা এলাকার শাখা খালে ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট কোষা নৌকায় বসবাস করছেন বেদে সম্প্রদায়ের শতশত পরিবার। গৃহহীন এসব পরিবারগুলো যুগযুগ ধরে এই অঞ্চলের বিভিন্ন নদী কিংবা খালে ভেসে বেড়াচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, শ্রীনগর-গোয়ালীমান্দ্রা খালের মাশুর, পুরাতন ফেরীঘাট, উপজেলা পরিষদ সংলগ্ন দেউলভোগ, আলমপুর-আড়িয়ল বিল খাল ও ভাগ্যকুলের পদ্মা নদীর শাখা খালের বিভিন্ন স্থানে নোঙ্গর করা কোষা নৌকায় বসবাস করছেন বেদে পরিবারগুলো। শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ কোন মৌলিক চাহিদাই যেন ঠিকমত জুটছেনা এদের ভাগ্যে। ছোট্র নৌকায় নিচু ছাউনীর ভিতরে শিশু, বৃদ্ধ-বৃদ্ধা নারী-পুরুষ সদস্যরা গাদাগাদি করে বসবাস করছেন। কখনও কখনও অর্ধ অনাহারে দিনানিপাত করতে হচ্ছে তাদের। লক্ষ্য করা গেছে, টানাবৃষ্টি উপেক্ষা করেই নৌকায় বসে তারা রান্না-বান্নাসহ সাংসারের যাবতীয় কাজকর্ম করছেন। খালের বিভিন্ন পয়েন্টে ৪/৫টি বেদে পরিবারকে কাছাকাছে নৌকা নোঙ্গর বসবাস করছেন। অধিকাংশ পরিবার নৌকায় সোলার প্যানেল ব্যবহার করে বিদ্যুতের চাহিদা পূরণ করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, লৌহজংয়ের গোয়ালীমান্দ্রা বাজার এলাকায়ও বেদে সম্প্রদায়ের একটি বিশালবহর স্থায়ীভাবে বসবাস শুরু করছে। অনেকেই এই পেশা থেকে অন্যান্য পেশার দিকে ঝুকছেন। এক সময় বেদে পরিবারের নারী সদস্যরা গ্রামে গ্রামে ঘুরে সিঙ্গা লাগানো, দাঁতের পোকা দূর করার কাজ, ঝাড়ফুক ও কমমেটিকস সামগ্রী বিক্রি করলেও এখন আর আগের মত সরব নেই তারা। তবে গ্রাম বাংলার বৈশাখী মেলা-উৎসবে চুড়ি-ফিতা, কসমেটিক ও বিভিন্ন তৈজসপত্র বিক্রি করতে দেখা যায় বেদে পরিবারের নারী সদস্যদের। এখন সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অপরদিকে শুষ্কু মৌসুমে খালে পানি শুকিয়ে যাওয়ার ফলে পরিবারগুলো বিপাকে পরেন। তার পরেও আমাদের দেশের অতি পরিচিত প্রন্তিক জনগোষ্ঠি বেদে সম্প্রদায় পরিবারগুলো জীবনের অধিকাংশ সময়ই নদী-খাল, বিলে নৌকায় বসবাস করে আসছেন। জীবন সংগ্রামের তাগিদে থেমে নেই তারা।

দেউলভোগ খাল এলাকায় বসবাসকারী কয়েকটি বেদে পরিবারের সদস্যরা জানায়, এখন বিভিন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। অনেকেই এলাকায় ইজিবাইক চালিয়ে ও মাছ বিক্রি করে আয় করছেন। আবার কেউ কেউ দিনমজুর ও শ্রমিকের কাজও করছেন।

সখি বেগম, আসমানী বেগম, জুবেদা বলেন, পূর্ব পুরুষদের অনুসরণ করাই তাদের পরিবারগত স্বভাব। তাদের জন্ম ও মৃত্যু এই নৌকাতেই। তাদের আদি পেশায় আর আগের মত উপার্জন হচ্ছেনা। বাজারে নিত্যপণ্য সামগ্রীর দাম বৃদ্ধি ও আধুনিক ডিজিটাল যুগে এসেও তাদের নৌকায় ভাসমান মানবেতর জীবনযাপন করাটা বিষাদে পরিনত হয়েছে। তবে বাধ্য হয়েই ভূমিহীন বেদেরা পরিবার পরিজন নিয়ে কোন রকম খেয়ে না খেয়ে নৌকায় জীবন চলছে তাদের।

এই বিভাগের আরও সংবাদ