কুষ্টিয়ার অসহায় দুই নারীর পাশে দাঁড়ালেন দি চেম্বারের পরিচালক কাজল মাজমাদার


কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার অসহায় দুই নারীর পাশে দাঁড়ালেন দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার। শহরের তুলাপট্টি এলাকার বাসিন্দা অসুস্থ সন্ধ্যা দে। দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করছেন তিনি। স্বামী ও পরিবারের অন্য সদস্যদের হারিয়ে একমাত্র মেয়ে সোমা দে এর সাথে জীবন সংগ্রামে দিন পার করছেন। মায়ের সেবাযত্ন করতে গিয়ে সোমা দে নিজে বিয়ে পর্যন্ত করেননি। দীর্ঘদিন চাকরি করলেও বর্তমানে চাকরি হারিয়ে তিনি বেকার হয়ে পড়েছেন। ফলে পরিবারটির কোনো নিয়মিত আয়ের উৎস নেই।
এরই মধ্যে দুর্ঘটনায় সন্ধ্যা দে এর হাত ভেঙে যায়। একটি অস্ত্রোপচার সম্পন্ন হলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও একটি বড় অস্ত্রোপচার প্রয়োজন। পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় প্রতি মাসে ব্যয়বহুল ওষুধ সেবন করতে হচ্ছে। আর্থিক সংকটের কারণে চিকিৎসা ও সংসার চালানো এখন তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
এই পরিবারের পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে তাদের পাশে দাঁড়িয়েছেন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক কাজল মাজমাদার।
শনিবার (০১ আগষ্ট) সকালে তাদের বাসায় গিয়ে খাদ্যসামগ্রী ও চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন কাজল মাজমাদার। পাশাপাশি সোমা দে এর জন্য একটি চাকরির ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এসময় কাজল মাজমাদার বলেন, “আমি সবসময়ই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ফেসবুকে অসহায়ত্বের কথা শুনে আমি নিজে ছুটে এসেছি এখানে, তাদের পাশে দাঁড়িয়েছি। আপাতত এক মাসের খাদ্য সামগ্রী সহ চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছি। অসুস্থ এ বৃদ্ধার মেয়ের একটা চাকরির ব্যবস্থা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি নিজেদের অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে অনেক পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে। মানবতা ও সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি সন্ধ্যা দে ও সোমা দে এর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি শুধু নয়, সমাজের সবাইকে এ ধরনের অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিকে মা-মেয়ের দুঃসময়ে কাজল মাজমাদার মানবিক সহায়তা করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



