কুষ্টিয়ায় বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন


কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বৃক্ষরোপণ অভিযান ও মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া জেলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে কুষ্টিয়া প্রতিনিধি রেজা আহাম্মেদ জয় এর তথ্যে জানা যায়, কুষ্টিয়া জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয় এবং অতিথিরা মেলা ঘুরে দেখেন। র্যালি ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার), কুষ্টিয়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. শওকত হোসেস ভূইয়া, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এসময় জেলা প্রশাসক বলেন, এই আয়োজন কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার। জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, নদীভাঙন, খরা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জীববৈচিত্র্য সংরক্ষণ করে, মাটি ও পানি রক্ষা করে এবং অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ অবদান রাখে।
পুলিশ সুপার পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সকলকে বেশি বেশী করে গাছ লাগানোর পরামর্শ প্রদান করেন এবং সেগুলো নিয়মিত পরিচর্যা করার জন্য উৎসাহিত করেন।
এছাড়া জেলা বিএনপির আহবায়ক বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আপনারা জানেন আমাদের দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান সারা বাংলাদেশে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বিভিন্ন স্থানে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতামূল কর্মসূচি করা হয়েছে। আমি আশা করি, কুষ্টিয়াকে একটি পরিচ্ছন্ন নগরী ও সবুজায়নসহ মাদকমুক্ত করতে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার মাধ্যমে জনগণের মধ্যে বৃক্ষপ্রেম সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ কর্মসূচিকে সফল করতে প্রশাসনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং সর্বোপরি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলকে মনে রাখতে হবে আমরা যদি আজ একটি গাছ রোপণ করি, তবে আগামী প্রজন্ম তার সুফল ভোগ করবে। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং পরিচর্যার আহ্বান জানান তিনি। পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এদিকে মেলায় বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে মেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।



