চট্টগ্রাম

দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

চট্টগ্রামের পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুই অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ২৪ জুলাই দুপুরে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। দুর্গম পথ ও সম্ভাব্য সশস্ত্র প্রতিরোধের ঝুঁকি উপেক্ষা করে পরিচালিত অভিযানে দুই অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়া এলাকার মো. দেলোয়ার হোসেন (৫৪) ও মো. মহসিন (৩৩)।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে কেলিশহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইন্নারপাড়া এলাকায় দেলোয়ার হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে ছয়টি কিরিচ, পাঁচটি রামদা, একটি দামাদা, একটি লোহা কাটার এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে একই এলাকার ছাতিভাঙ্গা আফছারের গাছবাগান এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা দুটি একনলা বন্দুক ও দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করে ডিবি।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রগুলো বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য সহযোগী, অস্ত্রের উৎস এবং সংশ্লিষ্ট সন্ত্রাসী চক্রকে শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ