জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনে ধামরাইয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টার:আসন্ন ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে ধামরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোঃ আল মামুন।
সভায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, শহীদদের স্মরণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটি যাতে সুষ্ঠু, সুন্দর ও মর্যাদাপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় ধামরাই উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যরা
উপস্থিত ছিলেন।



