ফের বাড়ল স্বর্ণের দাম


দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ল। সবচেয়ে ভালো মান বা ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে বেড়েছে দুই হাজার ৭৪১ টাকা। এখন থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গয়নার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা। অপরদিকে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকাসোনা) দামও বেড়েছে।
আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, আজ বুধবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা। গতকাল মঙ্গলবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ২১ হাজার ৪৪১ টাকায় বেচাকেনা হয়। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ১১ হাজার ৪৬৮ টাকায় বেচাকেনা হয়। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ৮১ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের এক লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকায় বেচাকেনা হয়।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুসারে মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আলাদা করা যাবে না।



