শ্রীনগরে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় ১টি বসতঘর পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে হাঁসাড়া এলাকার পূর্ব হাঁসাড়া মাদ্রাসা পাড়ার সৌদি আরব প্রবাসী দেলোয়ার হাওলাদারের বাড়িতে এঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রবাসী দেলোয়ার হাওলাদারের মালিকানা টিন ও কাঠের তৈরি ঘরসহ বিভিন্ন আসবাবপত্র ও মূল্যবান জিনিস পুড়ে অন্তত ১২ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দেলোয়ার হাওলাদারের স্ত্রী তার ২ কন্যা নিয়ে রাতে ওই ঘরে শুয়ে পড়েন। গভীর রাতে পোড়াগন্ধে তাদের ঘুম ভাঙ্গে। হঠাৎ ঘরে আগুন দেখে তারাতারি ঘরের দরজা খুলার চেষ্টা করে তাদের মনে হয়েছে বাহির থেকে ঘরের দরজা আটকিয়ে রাখা হয়েছে। এক পর্যায় জোরে ধাক্কা দিলে দরজা খুলে গেলে তারা বাহিরে চলে আসেন।
অভিযোগ উঠেছে ঘরে আগুনের পিছনে কোন রহস্য লুকিয়ে থাকতে পারে। স্থানীয় ইউপি সদস্য মো. বাচ্চু জানান, সকালে দেলোয়ার হাওলাদারের বাড়িতে যাই। এ সময় শ্রীনগর উপজেলা প্রশাসন, হাঁসাড়া ইউপি চেয়ারম্যান ও শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. সুহেল রানা বলেন, ঘটনাস্থলে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ১টি ঘরসহ আসবাবপত্র পুড়ে গেছে। তাৎক্ষনিক অগ্নিকান্ডের সূত্রপাত জানা যায়নি।
এ ব্যাপারে শ্রীনগর থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর মো. সাইফুল জানান, অগ্নিকান্ডের ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।



