আইন ও আদালত

মাগুরায় শিশু রাজিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

মতিন রহমান, মাগুরা:মাগুরার শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া খাতুনকে (১২) ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে হাসান শেখ (২৮) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত হাসান শেখ মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে।

সোমবার (২০ জুলাই) দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ওই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০২২ সালের ১৭ মার্চ শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামে রাজিয়া খাতুনের ওপর ধর্ষণের চেষ্টা চালানো হয়। এতে ব্যর্থ হয়ে আসামি তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে ধারালো ব্লেড দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে মরদেহ পাশের একটি বাঁশঝাড়ে ফেলে রেখে যায়।

ঘটনার নিহতের বাবা মিকিজ শেখ বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পাওয়ার পর ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত ও তদন্তের ভিত্তিতে সিআইডি হাসান শেখের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। মামলায় মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

নিহতের মা ছবিরন নেছা জানান, ঘটনার দিন বিকেলে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের নিচে রাজিয়ার ওপর আক্রমণের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের এ রায়ে সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন রাজিয়ার পরিবার। রায় ঘোষণার পর ছবিরন নেছা দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২২ সালের ১৭ মার্চ এই মর্মান্তিক ঘটনাটি ওই সময়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় ও আসামির শাস্তির দাবিতে উত্তাল হয় গোটা মাগুরা।

এই বিভাগের আরও সংবাদ