সংসদে গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথেই ফয়সালা হবে: ডাঃ ইরান


বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শুধু ক্ষমতার হাতবদল নয়, অর্থবহ রাষ্ট্রীয় পরিবর্তনই জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনার বহিঃপ্রকাশ। আমরা জান দেব, তবুও জুলাই দেব না। সংবিধানের কেবল সংশোধন নয়, প্রয়োজন রাষ্ট্র সংস্কার। জনগণের গণভোটের রায় সংসদে বাস্তবায়িত না হলে, জুলাই গণঅভ্যুত্থানের মতো দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিই রাজপথে তার ফয়সালা করবে।
তিনি বলেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বেঈমানি করেছে। ক্ষমতায় যাওয়ার স্বার্থে জুলাই সনদে স্বাক্ষর করলেও এখন তা বাস্তবায়নে অস্বীকৃতি জানাচ্ছে। জনগণের প্রত্যাশা ও গণআকাঙ্ক্ষার সঙ্গে এ অবস্থান সাংঘর্ষিক।
আজ শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিকেল ৩টায় ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ লেবার পার্টিতে যোগদান করেন।
ডাঃ ইরান বলেন, রাজনীতি আজ লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। আমলা, পুঁজিপতি ও সুবিধাবাদীরা রাজনীতিতে অনুপ্রবেশ করে রাজনৈতিক চরিত্র ধ্বংস করেছে। হাজার হাজার কোটি টাকা লুটকারীরা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে জাতীয় সংসদের সদস্য হয়েছে। আমরা খাই-খাই রাজনীতি ও লুটপাটের গণতন্ত্র চাই না। অর্থ, অস্ত্র, কালোটাকা, পেশিশক্তি, হুন্ডি ও গুন্ডাবৃত্তিনির্ভর রাজনীতির অবসান ঘটাতেই ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনের চূড়ান্ত ফসল ৩৬ জুলাই গণঅভ্যুত্থান। আমরা জীবন দেব, তবুও জুলাই দেব না। জুলাইয়ের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করতে বাংলাদেশ লেবার পার্টি রাজপথে সক্রিয় থাকবে।
তিনি আরও বলেন, জনগণ একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে নেমে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও নতুন বন্দোবস্তের দাবি জানিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের কবর রচনা করেছে। শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, আউয়াল মিয়া ও নাঈমরা বস্তাপচা ও নোংরা রাজনীতি টিকিয়ে রাখতে জীবন উৎসর্গ করেননি। তাঁদের আত্মত্যাগের চেতনা বাস্তবায়নে নতুন ধারার রাজনীতি এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিকে আরও সুসংগঠিত করতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির আহ্বায়ক এ.আর.এম. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস. এম. ইউসুফ আলী ও অ্যাডভোকেট জোহরা খাতুন, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আবদুর রহমান খোকন, মো. হেলাল উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন ও সহ সভাপতি মোঃ শুভ আহমেদ।
এছাড়া বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ আলম পাটোয়ারী, গোলাম আজম, মো. রাজু বেপারী, ডাঃ ইউসুফ উল্লাহ পাটোয়ারী, উত্তর লেবার পার্টির যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, মোহাম্মদ রাসেল আহমেদ, আলমগীর হোসেন, অন্যতম সদস্য মো. এনামুল হক, শফিকুল ইসলাম, পল্টন থানা সভাপতি দেলোয়ার হোসেন রিপন, কামরাঙ্গীরচর থানা সভাপতি মোহাম্মদ আজাদ, যাত্রাবাড়ী থানার লুৎফর রহমান, কদমতলী থানার আবদুস সোবহান, শ্যামপুর থানার জুয়েল মাহমুদ, বাংলাদেশ ছাত্র মিশন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. রায়হান উদ্দিন সনি ও সদস্য সচিব মো. সিয়াম মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন দল ও শ্রেণি-পেশার ৭০ জন নেতা-কর্মী ও ব্যাক্তিবর্গকে ফুল দিয়ে বরন করে নেন লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।



