কুষ্টিয়া

কুষ্টিয়ায় অপারেশন টেবিল থেকে দুর্ঘটনার শিকার ব্যক্তির বিচ্ছিন্ন পা গায়েব

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনার শিকার হাসেম আলী (৬০) নামে এক ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেলে হাসপাতালটির অপারেশন থিয়েটারে অনেক খোঁজাখুঁজি করে পা টি পাওয়া যায়নি। মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন ডান পাটি খুঁজে না পাওয়ার ঘটনা ন্যাক্কারজনক বলছেন স্বজনরা । পরে হাসেম আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে ডান পায়ের অংশ ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে কর্তৃপক্ষ।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আব্দালপুরের শাহপুর নতুন মসজিদ মোড় এলাকায় ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ভ্যানযাত্রী হাসেম আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকের পরামর্শে অপারেশন থিয়েটারে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর অপারেশন থিয়েটারে তার বিচ্ছিন্ন ডান পা খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা।

বৃহস্পতিবার (০৯ জুলাই) নিহত হাসেম আলীর স্বজনেরা জানান রাতে পা না পেয়ে ওভাবেই লাশ নিয়ে দাফন করেছি। ঘটনার রহস্য উদঘাটন ও হাসপাতাল কর্তৃপক্ষের বিচার দাবি করেছেন তারা।

নিহত হাসেম ইবি থানার আব্দালপুর গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় কৃষিকাজ করতেন। এদিকে লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্তে খতিয়ে দেখবেন বলে জানিয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান। তিনি জানান,সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তির বিচ্ছিন্ন পা নিয়ে ভর্তি হলে হাসপাতালের স্টাফরা নিহতের স্বজনদের কাছে বিচ্ছিন্ন পায়ের অংশটি বুঝিয়ে দিয়েছে বলে আমি রাতেই শুনেছি। এরপর কি হয়েছে জানা নেই। লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ