কুষ্টিয়া জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে বই পড়া প্রতিযোগীতা উদ্বোধন


কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে বই পড়া প্রতিযোগীতা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি, জ্ঞানচর্চার বিকাশ এবং সৃজনশীল মনন গড়ে তোলার লক্ষ্যে কুষ্টিয়া জেলা প্রশাসক এই উদ্যোগ গ্রহণ করেন।
সোমবার (০৬ জুলাই) দুপুর ১টার দিকে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করেন। বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো: তৌহিদ বিন-হাসান। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা। এছাড়া জেলা প্রশাসন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, উক্ত বিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, বই জ্ঞানের প্রদীপ। বই পড়ার কোনো বিকল্প নেই। যে যত বেশি বই পড়বে সে তত আলোকিত হবে। বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের ক্ষেত্রে বিকাশ ঘটবে । শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃষ্টিশীল কাজে যাতে মনোনিবেশ করে সে দিকে সবারই লক্ষ্য রাখা উচিত। তিনি আরও বলেন বই পড়লে মন ভালো থাকে, উৎফুল্ল থাকে, মানসিক প্রশান্তি পাওয়া যায়।
সমগ্র জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই পড়া প্রতিযোগিতা আয়োজনের অংশ হিসেবে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। ক্রমান্বয়ে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই পড়া প্রতিযোগিতার সাথে সাথে ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াড, বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড সহ নানাবিধ সৃজনশীল কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
এছাড়া আয়োজকরা জানান, বর্তমান প্রজন্মকে পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান ও মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন বই পড়ায় উৎসাহিত করতেই জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি তাদের চিন্তাশক্তি, ভাষাদক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করা হয়।
অন্যান্য বক্তারা বলেন, একটি আলোকিত, জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা। জেলা প্রশাসনের এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি এবং জ্ঞানচর্চার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন।



