জাতীয়

এবার ফ্রান্সসহ ৩ দেশে এনআইডি কার্যক্রম শুরু করবে ইসি

১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার কার্যক্রম ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এবার ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুরের প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের ১৩ তারিখ থেকে ধাপে ধাপে ইসির কারিগরি টিম ও ব্যবস্থাপনা টিম এই তিন দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাবে।

ইসির উপসচিব জি এম সাহাতাব উদ্দিনের স্বাক্ষরিত ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুর—এই তিন দেশের পৃথক ছয়টি সরকারি আদেশ থেকে বিষয়টি জানা যায়।

এসব সরকারি আদেশ থেকে জানা যায়, চলতি মাসের ১৩ তারিখে ইসির উপসচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি টিম যাবে বাহরাইনে। সেখানে তারা সাত দিন অবস্থান করবেন। এ ছাড়া ১৫ জুলাই ইসির আইডিয়া প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালকের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল যাবে দেশটিতে।

ফ্রান্সের জন্য জারি করা সরকারি আদেশ থেকে জানা যায়, চলতি মাসের ২০ তারিখে ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি দল ফ্রান্সে যাবে। সেখানে তারা ৭ দিন অবস্থান করবেন। এ ছাড়াও ২২ জুলাই এনআইডি অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল যাবে দেশটিতে।

সিঙ্গাপুরের জন্য জারি করা সরকারি আদেশ থেকে জানা যায়, চলতি মাসের ২৭ তারিখে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি দল সিঙ্গাপুরে যাবে। সেখানে তারা সাত দিন অবস্থান করবেন। এ ছাড়া ২৯ জুলাই ইসির অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল যাবে দেশটিতে।

চিঠিগুলোতে আরও উল্লেখ করা হয়, এই তিন দেশে নিবন্ধন কার্যক্রম চালু করতে এই ৬টি দলের এ-সংক্রান্ত সব খরচ নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিয়া প্রকল্প (ফেজ-২) বহন করবে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকাসহ ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চালু রয়েছে। নতুন করে সিঙ্গাপুর, ফ্রান্স ও বাহরাইন যুক্ত হলে এ কার্যক্রমের পরিধি আরও বাড়বে।

এই বিভাগের আরও সংবাদ