রাজনীতি

ঢাকা-১২ আসনে গরীব ও অসহায়দের মাঝে চেক বিতরণ

‘আর্ত-মানবতার সেবায় সমাজ ও রাষ্ট্রের যে দায়িত্ব আমাদের ওপর আসুক তা আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে পালন করতে অঙ্গীকারাবদ্ধ’ বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে তেজগাঁও, শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলা নগর দক্ষিণ উন্নয়ন ফোরাম আয়োজিত জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গরীব ও অসহায়দের জন্য বরাদ্দকৃত টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মু. আতাউর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার নো’মান আহমেদি, জামায়াত নেতা আবু সাঈদ মন্ডল, আবুল কালাম আজাদ ও সাজ্জাদ হোসেন বিপ্লব প্রমূখ।

সাইফুল আলম খান মিলন বলেন, ‘আমরা সকল কার্যক্রম ন্যায়-ইনসাফের ভিত্তিতে পরিচালনা করতে চাই। কারা এ অর্থ পাবেন তা নিয়ে আমরা প্রাক সমীক্ষা চালিয়েছি। সে সমীক্ষার ভিত্তিতেই প্রকৃত হক্বদারদের মধ্যে অর্থের চেক বিতরণ করা হচ্ছে। এ অর্থ সংগঠনের কোন নেতাকর্মী খেয়ে ফেলতে পারবে না। এ অশুভচর্চা আমাদের মধ্যে নেই। কেউ আসতে ব্যর্থ হলে আমাদের লোকজন তাদের কাছে পৌঁছে দেবে’। তিনি আসনের উন্নয়ন কর্মকাণ্ডে সকল স্তরের জনগণের সার্বিক সহায়তা কামনা করেন।

তিনি বলেন, ‘আমরা শুধু জাতীয় সংসদে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হয়নি বরং জনগণের সুখ-দঃখে সর্বাবস্থায় মানুষের পাশে থাকা এবং তাদের সার্বিক সহযোগিতা করা আমাদের কাজ। আমরা জনগণের কাছে কৃত অঙ্গীকার যথাযথভাবে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ’। তিনি পরিবর্তনের রাজনীতিতে অংশ নিতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এই বিভাগের আরও সংবাদ