রাজনীতি

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে সময় বণ্টনে ‘নজিরবিহীন বৈষম্য’ এবং বিরোধী দলের নির্ধারিত বক্তব্যের সময় কেটে নেওয়ার অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে কার্যপ্রণালী বিধি লঙ্ঘন করে বিল উত্থাপন এবং বিরোধী দলের সদস্যদের কথা বলতে না দেওয়ার প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউটের কারণও তুলে ধরেছে দলটি।

গতকাল রোববার (২৮ জুন) রাতে জাতীয় সংসদে ঘটে যাওয়া এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার (২৯ জুন) এক ব্রিফিংয়ে জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান এবং জোটের প্রবীণ নেতৃবৃন্দ সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান অভিযোগ করেন, গতকাল সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্য রাখার নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট করে কেটে নেওয়া হয়েছে। সেদিন তাদের মাত্র তিনজন সংসদ সদস্য বক্তব্য রাখার সুযোগ পান। অথচ সরকারদলীয় সদস্যদের ক্ষেত্রে ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত ৪০ মিনিটের বক্তব্যের সময় বাড়িয়ে এক ঘণ্টারও বেশি সময় কথা বলার সুযোগ দেওয়া হয়। রাত ১০টা পার হওয়ার পরও সরকারি দলের সদস্যদের নিয়মবহির্ভূতভাবে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে, যা দুই পক্ষের মধ্যে হওয়া পূর্ববর্তী আলোচনার সম্পূর্ণ পরিপন্থি বলে দাবি করেন তিনি।

সংসদে বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন নাজিবুর রহমান। তিনি বলেন, কার্যপ্রণালী বিধির ৭৭ বিধি লঙ্ঘন করে বিলগুলো সংসদে আনা হচ্ছে। নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের বিল পড়ার এবং আপত্তি উত্থাপনের জন্য পর্যাপ্ত সময় ও প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। স্পিকারের বিশেষ এখতিয়ারকে নিয়মে পরিণত করে প্রতিদিন নতুন বিল আনার মাধ্যমে বিধির ব্যত্যয় ঘটানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়া পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলের সিনিয়র সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে কথা বলতে না দেওয়ার ঘটনাকেও ওয়াকআউটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন নাজিবুর রহমান।

ব্রিফিংয়ে জোটের একজন প্রবীণ সংসদ সদস্য গতকালের ঘটনাকে দেশের পার্লামেন্টের ইতিহাসে অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্ধতপূর্ণ বলে আখ্যায়িত করেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সময় কঠোরভাবে মেনে চলতেন। অথচ গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী নির্ধারিত ৪০ মিনিটের পরিবর্তে প্রায় এক ঘণ্টা ২০ মিনিট বক্তব্য রেখেছেন। সরকারদলীয় সদস্যদের এমন আচরণের প্রতিবাদেই মূলত ১১ দলীয় জোটের সব সদস্য সংসদ থেকে ওয়াকআউট করতে বাধ্য হন।

তিনি আরও বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে তারা সংসদে জনগণের কথা বলতে এসেছেন। সেখানে যদি ন্যায্য সুযোগই না দেওয়া হয়, তবে সংসদে থাকার কোনো অর্থ থাকে না। জনগণের অধিকার আদায়ে সংসদের ভেতরে ও বাইরে প্রতিবাদের যতগুলো গণতান্ত্রিক ভাষা রয়েছে, তার সবই ব্যবহার করা হবে এবং তাদের এই সোচ্চার ভূমিকা অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ